নিজস্ব প্রতিনিধি
মাদকের টাকা না পেয়ে গর্ভধারিণী মাকে খুন করলো ছেলে। চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাদেক খান বাড়িতে এ ঘটনা ঘটে। নিজের পেটে ধারণ করা সন্তান মো. রাকিব (২৪)-এর হাতে মা জান্নাত বেগম (৪৮) নির্মমভাবে খুন হন। অভিযুক্ত ছেলে রাকিব কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে মাকে হত্যা করার পর পালিয়ে যায়।
রোববার (১৭ মে ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত রাকিবকে আটক করতে সক্ষম হয়।
নিহত জান্নাত বেগমের স্বামীর নাম আব্বাস খান। তিনি আরেকটি বিয়ে করে ওই স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। গত দেড় বছর যাবত স্বামীর সাথে জান্নাত বেগমের যোগাযোগ নেই বলে জানান স্বজনরা। অপরদিকে জান্নাত বেগম রাকিব (২৪) ও রিফাত (১১) নামে নিজের দুই ছেলেকে নিয়ে বালিয়া গ্রামে বাবার বাড়িতে বসবাস করে আসছেন।
বাড়ির লোকজন জানায়, মাদকাসক্ত রাকিব মাদক কেনার জন্যে প্রায় সময়ই মাকে অত্যাচার করে আসতো। ঘটনার দিন রাতে মার কাছে টাকা দাবি করে এবং টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে তার মা জান্নাত বেগমকে কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে ফেলে রেখে চলে যায়। অসুস্থ মা সেখানেই পড়ে থাকেন। পরে ছেলে রাকিব সকালে এসে নাটক সাজিয়ে তার মা অসুস্থ হয়ে মারা গেছে বলে ডাক-চিৎকার করতে থাকে। পরে বাড়ির লোকজন মৃত জান্নাত বেগমকে দাফন কাফনের ব্যবস্থা করছিলেন। একপর্যায়ে মরদেহ গোসল করাতে গেলে মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে লোকজন তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ এসে ছেলে রাকিবকে আটক করে।
মৃত জান্নাত বেগমের ভাই মিলন ও এলাকাবাসীর দাবি, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। সন্তানের হাতে মায়ের খুন, তাও আবার মাদকের টাকার জন্যে–এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। এর সঠিক তদন্ত করে দোষী মাদকাসক্ত সন্তানের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করছে । মরদেহ উদ্ধার এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থাগ্রহণ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
![]()