মেঘনা বার্তা রিপোর্ট :
ইন্ডাস্ট্রিয়া-একাডেমিয়া কোলাবোরেশন প্রোগ্রামের আওতায় জনতা ব্যাংক পিএলসি ও চাঁবিপ্রবির মধ্যে ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এক সমঝোতা স্মারক (গঙট) স্বাক্ষরিত হয়েছে। এই গঙট-এর আওতায় চাঁবিপ্রবির শিক্ষার্থীদের জন্য বেতন ও অন্যান্য ফি ডিজিটাল পদ্ধতিতে প্রদানের ব্যবস্থা চালু হয়েছে।
উক্ত সমঝোতা স্মারকে জনতা ব্যাংক পিএলসি-এর পক্ষে স্বাক্ষর করেন চাঁদপুরের এরিয়া প্রধান ফারুক হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ আল মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. এম. আতিকুর রহমান এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ লোকমান হোসেন, জনতা ব্যাংক পিএলসি, নতুনবাজার কর্পোরেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং জনতা ব্যাংকের কর্মকর্তারা।
সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জনতা ব্যাংকের আধুনিক অনলাইন ব্যাংকিং সেবা ‘জনতা পে গেটওয়ে’ ব্যবহার করে অনলাইনে বেতন, ভর্তি ফি ও অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ফি পরিশোধ করতে পারবেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাংকে সরাসরি উপস্থিত হয়ে ফি পরিশোধের ঝামেলা কমবে এবং সময় ও শ্রম সাশ্রয় হবে।
জনতা ব্যাংক পিএলসি জানায়, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগের চাহিদা বিবেচনায় চাঁবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকিং লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে জনতা পে গেটওয়ে সেবা চালু করা হয়েছে।
এ সেবার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফি অনলাইনে পরিশোধের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফি সংগ্রহ ও হিসাব-নিকাশের কার্যক্রমও সহজ ও দ্রুত করা সম্ভব। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়লে একদিকে যেমন শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমবে, অন্যদিকে ফি আদায় ও আর্থিক ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত হবে।
দেশের আর্থিক লেনদেন ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার ব্যবহার সম্প্রসারণের প্রেক্ষাপটে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনতা ব্যাংকের এ সেবা চালু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।