জাটকা ধরায় ১৬ জেলে আটক, ৯ জনের কারাদণ্ড

 প্রতিনিধি :
চাঁদপুর সদর উপজেলার পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় আটক ১৬ জেলের মধ্যে ৯ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি ৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয় ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
কারাদণ্ডপ্রাপ্ত জেলের হলেন-বিল্লাল হোসেন (৩৫), জলিল (১৮), ইয়াছিন (৩৬),  হেকমত আলী (২৫),  রহমত উল্লাহ (৩০),  আবুল বাশার গাজী (৪৫), মো: জাহিদ (১৮), মোঃ ছলেমান গাজী (১৮), রবিউল (১৮)। এদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।
মিজানুর রহমান বলেন, দুপুর ১২ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে ১৬ জন অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে আটক করা হয়। এসময় ৪ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকো, একটি বেহুন্দী জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী, কোস্ট গার্ড সিসি কামরুল ইসলাম সহ তার টিম ও নৌপুলিশ টীম সহ সমন্বিত যৌথ অভিযান পরিচালনা করেন।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী।
তিনি মোবাইল কোর্টে ২ জনকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা করে জরিমানা, ৩ জনকে ১ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা, ৩ জনকে ১৫ দিনের জেল ও ২০০ টাকা করে জরিমানা এবং ১ জনকে ১৫ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।

Loading

শেয়ার করুন: