নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।ফাইনালে গ্রীন কে ৪৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইয়েলো দল।
রোববার সকালে টসে জয়লাভ করে ইয়েলো দল প্রথমে ব্যাটিং করে। তারা ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। জবাবে গ্রীন দল ১৭০ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। দলটি ১১৬ রান করতে গিয়ে সবক’টি উইকেট হারিয়ে ফেলে। টুর্নামেন্টের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফারহান মাহাতাব শাওন, ম্যান অফ দা টুর্নামেন্ট হন রাতুল দাস , সেরা বোলার শিমুল দাস ও সেরা উইকেটরক্ষক আফতাব।
ক্রীড়া পরিদপ্তরের প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলার বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেটারকে নিয়ে চারটি দল সমন্বয়ে টুর্নামেন্টের খেলাগুলো লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। দলগুলো ছিলো : ব্লু, রেড, গ্রীন ও ইয়েলো।
রোববার (১৫ মার্চ) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিক ও সাবেক জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম, সংগঠক দিলীপ সরকার সহ দলগুলোর খেলোয়াড় ও অভিভাবকরা।
![]()