স্টাফ রিপোটার :
চাঁদপুরের মতলব উত্তরে একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় চোরাইকৃত মালামাল উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন দাখিল না করায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজারকে (জিএম) আদালতে তলব করা হয়েছে।
আগামী ৩০ আগস্ট তাকে আদালতে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা ও চাহিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগষ্ট ) দুপুরে আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মতলব উত্তরে ধারাবাহিকভাবে ট্রান্সফরমার চুরির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আদালতের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে বিচারিক ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেন।
চোরাইকৃত মালামাল উদ্ধার এবং এসব ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে কী কী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিলের জন্য জেনারেল ম্যানেজার, পল্লী বিদ্যুৎ সমিতি-২, চাঁদপুরকে নির্দেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল না করায় বিষয়টি নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে আদালত জেনারেল ম্যানেজারকে আগামী ৩০ আগস্ট ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেন। একই সঙ্গে আদালতের চাহিদা অনুযায়ী প্রতিবেদনও ওই তারিখে দাখিল করতে বলা হয়েছে।
আদালতের আদেশে বলা হয়েছে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রতিবেদন দাখিল না করা আদালতের আদেশ অমান্যের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কার্যকলাপের জন্য জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তাকে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
উল্লেখ্য, মতলব উত্তর উপজেলায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার এবং এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
![]()