স্টাফ রিপোর্টার
সমন্বিত পরিকল্পনা ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে চাঁদপুর পৌরসভার নাগরিক সেবা কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী। একই সঙ্গে তিনি জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত নগর সমন্বয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী বলেন, চাঁদপুর পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়নে স্থানীয় সংসদ সদস্য, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করা হবে। নগরবাসীর প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পৌরসভার উন্নয়ন ও সেবা কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসার সঞ্চালনায় সভায় নগর সমন্বয় কমিটির সদস্য, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিক বি এম হান্নান, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক আলম পলাশ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা, আইনজীবী ইখতিয়ার উদ্দিন শিশু, চাঁদপুর শহর মহিলা দলের সভানেত্রী জোহরা আনোয়ার হীরা, সাধারণ সম্পাদক নাহিদা রহমান সেতু, সাংগঠনিক সম্পাদক ফেরেেদৗসি আক্তার ইশিতা, সমাজকর্মী তানিয়া ইসলাম, কে এম সালাউদ্দিন প্রমুখ।
সভায় অংশগ্রহণকারীরা চাঁদপুর পৌরসভার বিভিন্ন সমস্যা ও নাগরিক সেবা নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।
সভায় পৌর এলাকার বিভিন্ন সড়ক সংস্কার ও উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও সংস্কার, পয়ঃনিষ্কাশন, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, যানজট নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে আরও কার্যকর সমন্বয় এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।