নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসায় দানবাক্স ভেঙে টাকা চুরির সময় হাতেনাতে ধরা পড়েন এক যুবক। পরে তাকে শাস্তি না দিয়ে অজু করিয়ে নামাজ পড়ানো এবং ভবিষ্যতে আর চুরি করবে না—এমন অঙ্গীকার নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া ফেলে। অনেকে মাদরাসা কর্তৃপক্ষের এমন মানবিক উদ্যোগকে প্রশংসা করছেন আবার কেউ এটিকে সমাজে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
প্রত্যক্ষদর্শী মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা তাকে হাতেনাতে ধরি।
পরে হুজুররা মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে অজু করিয়ে নামাজ পড়ান এবং ভালো পথে ফেরার উপদেশ দেন। তিনি ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে অঙ্গীকার করেন।’
আরেক প্রত্যক্ষদর্শী রোকন সরকার বলেন, ‘ঘটনাটি ভিন্নধর্মী ছিল। সাধারণত এমন ঘটনায় মানুষ উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু মাদরাসা কর্তৃপক্ষ ধৈর্য ও মানবিকতা দেখিয়েছে। এটি সত্যিই প্রশংসনীয়।’
মাদরাসার মুহতামিম ইমাম হোসেন মোস্তাফী জানান, ‘আমরা মনে করি শাস্তির চেয়ে সংশোধনই বড় বিষয়। তাই তাকে শারীরিক শাস্তি না দিয়ে আল্লাহর পথে ফেরানোর চেষ্টা করেছি। সে নিজের ভুল স্বীকার এবং আর কখনো চুরি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এ জন্য আমরা তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছি ‘
![]()