পরিচ্ছন্ন কর্মীদের ফ্রি চিকিৎসা এবং ঔষধ দিলেন চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাব

 মেঘনা বার্তা ডেস্ক

রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের আয়োজনে শহরের চার শতাধিক পরিচ্ছন্ন কর্মীকে ফ্রি চিকিৎসা এবং ঔষধ দেয়া হয়েছে ।

শনিবার সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয়ে দুপর ১ টা পর্যন্ত চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন ।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৩ শতাধিক পরিচ্ছন্ন কর্মীকে চিকিৎসা সেবা প্রদান করেন।

তারা হলেন,ডা.সাইফুল ইসলাম সোহেল, ডা. বিশ্বনাথ পোদ্দার, ডা. মিজানুর রহমান খান, ডা. মো. ওলিউর রহমান, ডা. ইফতেখার উল আলম,   ডা. দিলশান নাহরিন ইলমা এবং ডা. নাজমুন্নাহার।

চিকিৎসা নিতে আসা হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতা কর্মীরা জানান, তারা দীর্ঘদিন পৌরসভার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকলেও চিকিৎসা সেবার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। অর্থাভাবে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হয়নি। কিন্তু রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল ও ক্লিন চাঁদপুরের এই আয়োজনে আমরা অনেক উপকৃত হয়েছি। দীর্ঘদিনের অসুস্থতায় ভালো চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা কৃতজ্ঞ।

একাধিক সেবাগ্রহীতা জানান, আমরা এ ধরনের সেবা আগে কখনো পাইনি। যদি এই উদ্যোগ নিয়মিতভাবে নেওয়া হয়, তবে অসচ্ছল পরিবারগুলো চিকিৎসা সেবা পেয়ে অনেক উপকৃত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, পিপি শেখ মনির হোসেন বাবুল, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোটা: নূরুল আমিন খান আকাশ, পিপি আব্দুল বারি জমাদার, পিপি আলমগীর হোসেন পাটোয়ারী, পিপি শরীফ মোহাম্মদ আশরাফুল হক, রোটারিয়ান শফিউল্লাহ হায়দার, রোটারিয়ান কামাল হোসেনসহ ক্লাবের সদস্যরা।

চিকিৎসক দল জানান, হরিজন সম্প্রদায়ের চার শতাধিক সদস্যকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। তারা শহরকে পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমাদের এই আয়োজন।

ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ বলেন, রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল ও ক্লিন চাঁদপুরের যৌথ উদ্যোগে আমরা আজ হরিজন পরিবারের চার শতাধিক সদস্যকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছি। আমাদের লক্ষ্য এই শহরের মানুষের পাশে থেকে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও মানবসেবার কাজ অব্যাহত রাখা।

রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা আসলেই অবহেলিত, তাদের চিকিৎসা সেবায় কেউ এগিয়ে আসে না। এই বিষয়টি অনুধাবন করে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি সেন্ট্রাল রোটারি ক্লাবের পক্ষ থেকে।

 

Loading

শেয়ার করুন: