নিজস্ব প্রতিনিধি :
বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর অংশে বড় বড় গর্ত সড়ক ও জনপথ বিভাগের জরুরি মেরামতের পরও দুর্ভোগ নিয়ে চলছে যানবাহন। পথচারী, যানবাহন যেনো সড়কের উপর দিয়ে নদী পার হচ্ছে। গত ২৯ জুলাই সড়ক ও জনপথ বিভাগ চাঁদপুর-এর নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলীর তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামত করা হয়েছে। কিন্তু সড়কের এই অংশটুকু স্বাভাবিকের চেয়ে নিচু হওয়ায় এবং বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কোনো মেরামত কার্যক্রম সফল হচ্ছে না।
সরজমিনে দেখা যায়, পেন্নাই সড়কের নারায়ণপুর অংশে যেখানে খানাখন্দকে ক্ষতিগ্রস্ত সড়ক, তার পাশেই রয়েছে সরকারি অর্থায়নে নির্মিত পানি নিষ্কাশনের ড্রেন। কিন্তু অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করায় এবং বালু ও মাটি দিয়ে ড্রেন ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। এ অবস্থায় বিকল্প পথে পাইপের মাধ্যমে ২শ’ ফুট বাইপাস ড্রেনেজ ব্যবস্থা করা হলে এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারে এ আঞ্চলিক সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার যানবাহন ও পথচারী।
এ ব্যাপারে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার বলেন, সওজ বিভাগের এ কাজে যদি আমার পরিষদের কোনো সহযোগিতা লাগে তবে অবশ্যই করবো। কারণ, ক্ষতিগ্রস্ত সড়কের এ অংশটি আমার ইউনিয়নে পড়েছে। সাধারণ মানুষ অভিযোগ নিয়ে প্রথমে আমার কাছেই আসে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী বলেন, পেন্নাই সড়কের নারায়ণপুর অংশের সমস্যাটি অনেক দিনের। এর একটি স্থায়ী সমাধানের জন্যে আগামী রোববার অথবা সোমবার মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগ চাঁদপুর এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ টিম পরিদর্শনে যাবে।
![]()