ফরিদগঞ্জে গভীর রাতে চুরি , থানায় অভিযোগ

 

 

কেএম নজরুল ইসলাম, ফরিদগঞ্জ ॥

ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ চাঁদপুর হাজী বাড়িতে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সবাইকে অচেতন করে দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ মে ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাজী বাড়িতে (ছেরু কারী সাহেবের বাড়ি) চোরের দল পূর্বপরিকল্পিতভাবে ঘরের সবাইকে অচেতন করে ফেলে। এরপর স্টিলের আলমারি ভেঙে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

গৃহবধূ হালিমা আক্তার জানান, গতকাল দুপুরে আমার শাশুড়ি খাবার খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। আমার শ্বশুর যোহরের নামাজ শেষে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সন্ধ্যায় অনেকবার ডাকাডাকি করেও তাকে জাগানো যায়নি। বিষয়টি আমার স্বামীকে জানালে, তিনিও উদ্বিগ্ন হয়ে পড়েন এবং শ্বশুরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই রাতে আমিও প্রচণ্ড ক্লান্ত বোধ করছিলাম। সে সময় ভিন্ন রকমের ঘুম ঘুম ভাব হতে থাকে। রাত ২টার পর আমার আর কিছুই মনে নেই। ঐ ঘরে আমার সাথে আমার চাচী শাশুড়িও ঘুমিয়ে ছিলেন।

পরদিন সকালে প্রতিবেশীরা এসে হালিমাকে জাগানোর চেষ্টা করেন। এসময় ঘরের ভেতরের আসবাবপত্র ও আলমারি এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে জানা যায়, ঘরে থাকা নগদ ৮ লাখ টাকা, ৩টি মোবাইল প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে।

ঘটনার পর হালিমা আক্তার ফরিদগঞ্জ থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনী ব্যবস্থা নেব। এলাকায় অচেতন করে চুরির ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

 

Loading

শেয়ার করুন: