ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রাকিবুল হাসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি বালিথুবা (পশ্চিম) ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী। রোববার (৪ অক্টোবর) ফরিদগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাকিবুল হাসান উপজেলার খাড়খাদিয়া (তপাদার বাড়ি) এলাকার শিপন তপাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার মামলা নম্বর-৫৯, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৪৫৪-এর তদন্তে রাকিবুল হাসানকে সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় দায়ের করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় এসআই ফারুক আহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারের পর রাকিবুল হাসানকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

শেয়ার করুন: