ফরিদগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের মামলায়  ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

 ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় মো. আজাদ হোসেন ওরফে রবিন (৩০) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ষোলদানা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আজাদ হোসেন উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ষোলদানা গ্রামের মো. আমিন পাটওয়ারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরের সিরাজ সুপার মার্কেট এলাকায় দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করছিলেন। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালান বলে অভিযোগ ওঠে। হামলার সময় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় আজাদ হোসেনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের ধারাবাহিকতায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আজাদ হোসেন ওরফে রবিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Loading

শেয়ার করুন: