নিজস্ব প্রতিনিধি :
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় আল আমিন (২৯) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন ) চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের আমিনুল হকের ছেলে এবং তিন বছর বয়সী এক পুত্র সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী মো. এরশাদুল ইসলাম, আবু সালেহ মুসাসহ ক’জন জানান, মঙ্গলবার দুপুরে আল আমিন মোটরসাইকেলযোগে ফরিদগঞ্জ উপজেলা সদর থেকে ভাটিয়ালপুর চৌরাস্তা দিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বালুবাহী পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আল আমিন গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, সড়ক দুর্ঘটনার শিকার আল আমিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক পিকআপ ও মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।
![]()