ফরিদগঞ্জে সেচ পাম্পে আগুন লেগে প্রাণ গেল কৃষকের 

 

কেএম নজরুল ইসলাম :
ফরিদগঞ্জে সেচ পাম্পে আগুন লাগার ঘটনায় নিজামুদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের কাজিবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নিজামুদ্দিন ওই গ্রামের কাজিবাড়ির লতিফ খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববারও তিনি ধানক্ষেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে বিলে যান। ধানক্ষেতে পানি দেওয়ার জন্য তিনি চরের সেচ পাম্পটি চালু করে প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ পাম্পে আগুন ধরে যায়। আগুন লাগার পর তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ততক্ষণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশুপুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।
শেয়ার করুন: