বহরিয়া বাজারে ১১ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ এপ্রিল) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ফায়ার সার্ভিস ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো বলা যাচ্ছে না।

ব্যবসায়ীরা জানান, প্রায় ১১ থেকে ১২টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বাজারের ব্যবসায়ী রাসেল গাজী বলেন, কাপড়ের দোকান, খাবার হোটেল, স্বর্ণের দোকান, মাইক ও ব্যাটারি দোকান, টেইলার্সসহ প্রায় ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও বলেন, প্রথমে একজন সিএনজির ড্রাইভার দেখে বাজারে আগুন লাগছে। পরে বাজার থেকে আমার এক পরিচিত ভাই ফোন করে বলেন বাজারে আগুন লেগেছে। পরে আমরা মাইকিং করি বাজার আগুন লেগেছে। এছাড়াও আমি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ফোন দেই। পরে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে তারা। কাঠের দোকান, ফার্নিচার ওষুধ, কাপড়ের দোকান মোট ১১টি দোকান পুড়ে গেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত করার পর প্রকৃত ঘটনা জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনা স্থলে পরিদর্শনে আসেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক শহীদ বেপারী, জেলা ওলামাদলের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মৃধা, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ সুমন আহমেদ ভূঁঞা সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ব্যবসায়ীদেরকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক রোমেনা আক্তার বলেন, বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসক কে জানালে, ইউপি সচিব পুড়ে যাওয়া প্রতিটি দোকান সহ মালামলের ক্ষতিগ্রস্ত তথ্য গুলো কর্তৃপক্ষ মহোদয় দের কাছে রিপোর্ট পাঠানো হয়।

Loading

শেয়ার করুন: