হাইমচর প্রতিনিধি :
চাঁদপুরের হাইমচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে এবং গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. তামিম হাসান (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তামিম হাসান হাইমচর উপজেলার ২ নম্বর উত্তর আলগী ইউনিয়নের বাসিন্দা মো: দুলাল বেগ মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বন্ধু হাসিবকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলে করে চাঁদপুরের একটি বাইক গ্রুপের মিটআপে যোগ দিতে বের হন তামিম। পরে তারা ঘুরতে বের হলে মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকার কাছাকাছি পৌঁছালে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পানিতে পড়ে যায়। এ সময় বাইকের পেছনে বসা তামিম ছিটকে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে মাথায় সজোরে আঘাত পান। এতে তার মাথায় গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহতের চাচা এবং স্থানীয় ইউপি সদস্য নাজির আহমেদ বেগ জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকায় নেওয়ার পথেই তামিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার বাদ যোহর ইমদাদুল উলুম কওমি মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সাংবাদিক ও ধর্ম মুসল্লিগণ। জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
![]()