সাইম পাটওয়ারী
শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতি শিক্ষিত না হলে দেশকে দুর্নীতিমুক্ত রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়। তোমরা ভালোভাবে লেখাপড়া করলে এই শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম বাড়বে, পাশাপাশি চাঁদপুর জেলারও সুনাম বৃদ্ধি পাবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও মনোযোগ দিতে হবে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চাঁদপুরে অনেক কলেজ রয়েছে, কিন্তু সব প্রতিষ্ঠানে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের মতো সুন্দর বড় খেলার মাঠ ও লাইব্রেরি নেই। এই প্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতায় আনতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হলে শুধু শিক্ষার্থীদের ফি কমে না, বরং শিক্ষার মান বৃদ্ধিসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যায়। বিগত ১৫ বছরে আমরা শিক্ষার যে ঐতিহ্য হারিয়েছি, তা আবার ফিরিয়ে আনতে চাই। পড়াশোনা না করে গণহারে জিপিএ-৫ পাওয়ার প্রত্যাশা করা যাবে না। শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ, মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে থাকতে হবে। মোবাইল ফোন ব্যবহার না করে পরীক্ষায় অংশ নিয়ে দেখো, ফলাফল কতটা ভালো হয়।
ভবিষ্যৎ শিক্ষার সুযোগ ও কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, বাবুরহাট থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। জায়গা অধিগ্রহণের প্রক্রিয়া থেকে শুরু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এখানকার শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে কাছাকাছি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি চাঁদপুরে ইপিজেড প্রতিষ্ঠিত হলে সেখানে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগামী দিনে শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
কলেজের শিক্ষক সবিতা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন মজুমদার লিটন, মো. সালমান শেখ, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মাল, সাধারণ সম্পাদক আলমগীর পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. আব্দুল্লাহ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রান্ত বিশ্বাস। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যের আগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের হাতে খাতা, কলম এবং কলেজের পরিচয়পত্র তুলে দেন প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক।