বালু উত্তোলন রোধ এবং জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে রাজনৈতিক সহায়তা প্রয়োজন:জেলা প্রশাসক

 

 

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সম্প্রতি ভাইরাল হওয়া কিশোর গ্যাং-সংক্রান্ত ভিডিওটি মূলত: সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের আটক করে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে কঠোর পদক্ষেপ নিতে জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জাটকা রক্ষা অভিযানে নৌ পুলিশ ও কোস্টগার্ড সর্বদা সক্রিয় রয়েছে। বালু উত্তোলন রোধ ও জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে রাজনৈতিক সহায়তারও প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করে তিনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সহযোগিতায় এসব কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসক বলেন,আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে চাঁদপুরকে উন্নত ও একটি বাসযোগ্য শহরে রূপ দেওয়া সম্ভব। তিনি যানজট নিরসনে বিকল্প সড়ক ব্যবস্থা গড়ে তোলা, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জাটকা রক্ষা অভিযানে কারেন্ট জাল জব্দসহ কঠোর নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মতলব উত্তরের বেলতলী লেংটা মেলা যেন আর অবৈধভাবে পরিচালিত না হয়, সে বিষয়ে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি জ্বালানি তেল মজুদ, মাদক নিয়ন্ত্রণ এবং বাজার তদারকিতে চলমান কার্যক্রম আরও জোরদারের কথা উল্লেখ করেন।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মো: রবিউল হাসান বলেন, আমাদের দেশের মেধার অন্তত ৮০ শতাংশ যদি নিজ নিজ অবস্থান থেকে কাজে লাগানো যেত, তাহলে দেশ অনেক আগেই উন্নত অবস্থানে পৌঁছাত। তিনি মানুষের সমস্যাকে গুরুত্ব দিয়ে শোনার ওপর জোর দিয়ে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি অপরিহার্য। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বৈশাখী মেলা উপলক্ষে কোথাও যেন জুয়ার আসর বা অনৈতিক কার্যকলাপ না হয়, সে বিষয়ে আগাম ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। জ্বালানি তেল নিয়ে তদারকি অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে মামলা দায়ের করা হচ্ছে বলেও উল্লেখ করেন।

চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্লাহ সেলিম বলেন, দীর্ঘদিন ধরে শহরের মানুষ যানজটে ভুগছে। এর সমাধানে বিকল্প সড়ক নির্মাণ জরুরি। বিশেষ করে বাগাদী চৌরাস্তা থেকে পুরান বাজার ব্রিজ পর্যন্ত সড়ক এবং পাসপোর্ট অফিস থেকে মিশন রোড পর্যন্ত সংযোগ সড়ক দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী,চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাস চন্দ্র রায়, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক মোঃ মাসুদুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ বিল্লাল হোসাইন, জেলা পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম, চাঁদপুর নৌ পুলিশের সহকারি পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ , জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু তাহের, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুনিরা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, জেলা জমিয়তে ইসলামের সভাপতি সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ ও চাঁদপুর জেলা বিএনপি সহসভাপতি খলিলুর রহমান,চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাজি।

Loading

শেয়ার করুন: