নিজস্ব প্রতিনিধি:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় আগাম ঈদের বিষয়ে সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
সাদ্রা দরবার শরীফের ঈদ জামাত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরবার শরীফে ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই নামাজে ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।
সকাল ৮টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই নামাজে ইমামতি করবেন দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। তার অনুসারী মুসল্লীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একইসাথে ঈদুল আযহা উদযাপন করেন।
যেসব গ্রামে ঈদুল আজহা উদযাপন হবে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার পাঁচানি, বাহেরচর পাঁচানি, সাড়ে পাঁচানি, দেওয়ান কান্দি, উত্তর নেদামদী, আংশিক লুতুরদি, আমিয়াপুর, এনায়েতনগর, মাথাভাঙা গ্রাম এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ অর্ধশত গ্রাম।
![]()