ভাটিয়ালপুরে বাজার ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ১০

 

কেএম নজরুল ইসলাম, ফরিদগঞ্জ:

চাঁদপুরের ফরিদগঞ্জে ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের অন্তত ১০জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধাপে ধাপে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় বাজার ইজারা নিয়ে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফরিদগঞ্জ পৌরসভা ১৪৩২ বঙ্গাব্দের এক বছরের জন্য ভাটিয়ালপুর চৌরাস্তা বাজার ইজারা দেয়। এই ইজারাকে কেন্দ্র করে ভাটিয়ালপুর চৌরাস্তায় দুইটি পক্ষ বিভক্ত হয়ে পড়ে। একপক্ষ ইজারা বাতিলের দাবিতে এবং অন্যপক্ষ রাজস্ব আদায়ের স্বার্থে ইজারা বহাল রাখার জন্য অবস্থান নেয়।

কয়েকদিন পূর্বে ইজারার নামে চাঁদা আদায়ের অভিযোগ তুলে এলাকার ব্যবসায়ী, আড়তদার ও মৎস্যজীবীরা মানববন্ধন করে। এর প্রতিবাদে বৃহস্পতিবার ( ৮মে ) বিকালে ইজারাদারদের সহায়তাকারীরা পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলাম কিবরিয়া শেখসহ কয়েকজনকে চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে এলাকার কয়েকশত নারী-পুুরুষ পাল্টা মানববন্ধন করেন। মানববন্ধনের শেষ পর্যায়ে হঠাৎ করেই মনির হোসেন নামে স্থানীয় একজন ইটের আঘাতে আহত হওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে মনির হোসেনসহ দুই পক্ষের অন্তত ১০জন আহত হয়।

সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে আটকেপড়াদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সংবাদ পেয়ে থানা পুলিশ সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াও ঘটনাস্থলে যান।

এসময় পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলাম কিবরিয়াসহ বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে আসে।

ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারে সংঘর্ষের কথা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Loading

শেয়ার করুন: