আরেফিন সুমন ॥
যুব, ঐক্য, প্রগতিকে সামনে রেখে চাঁদপুরে অনুষ্ঠিত হয়ে গেলো জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জাতীয়তাবাদী দলের এই অঙ্গ সংগঠনকে প্রতিষ্ঠা করেন। তার এই সংগঠনের কার্যক্রম বেগবান করতে গতকাল সোমবার (২৭ অক্টোবর ) সারাদেশের মতো চাঁদপুরেও জেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমাদের এখন একটাই কাজ ও উদ্দেশ্য, তা হলো নির্বাচন। যেই নির্বাচনের জন্যে আমরা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। সেই নির্বাচন আমাদের খুব সন্নিকটে। গতকাল গুলশান দলীয় কার্যালয়ে আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন। তিনি বলেছেন আপনারা সবাই ঝগড়া বিবাদ না করে, ঐক্যবদ্ধ ভাবে ইলেকশান করতে পারবেন কিনা। আমরা সকলে বলেছি আমরা পারবো। আপনাদের কাছে আমার একটা অনুরোধ বিগত সতের বছরের ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা সকল যুবক ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা জণগনের কাছে আগামী নির্বাচনের জন্য ভোট চান। সবার বাড়িতে বাড়িতে যান।
পরিষ্কার ইমেজের লোকদের সামনে আনা প্রসঙ্গে তিনি বলেন, সবার কাছে আমার একটাই অনুরোধ যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা ভোট চাইতে যাবেন না। যাদের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি বা দল আইন শৃঙ্খলা জনিত কারনে ব্যবস্থা নিচ্ছে তারা ভোট চাইতে যাবেন না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কাকে বাছাই করছেন তা প্রকাশ হওয়া না পর্যন্ত আপনারা সবাই ধানের শীষে ভোট চাইবেন। মনে রাখবেন কোনো ব্যক্তি অপরিহার্য নয়। দল ও বাংলাদেশের মেরুদণ্ড বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অপরিহার্য।
তিনি আরও বলেন, তারুণ্যের যে চাওয়া পাওয়া তা একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে তা তারেক রহমানই পূরণ করতে পারবেন। তবে আজকের যুবদলের সমাবেশ দেখে খুব খুশি হতে পারি নাই। গত ২০২৪ সালে যে সমাবেশ হয়েছিলো তা ছিল অনেক বেশি। আমাদের যারা যুবদলের নেতাদের মধ্যে যে মন কষাকষি আছে তা আমি সভাপতি ও সাধারণ সম্পাদককে বলবো আপনারা সেটা মনিটরিং করবেন এবং আশা করবো সকল ভেদাভেদ ভুলে যুবদলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করবেন।
জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্যা সেলিম, সহ সভাপতি দেওয়ান শফিকুজ্জামান, সহ সভাপতি খলিকুর রহমান গাজী, সহ সভাপতি ফেরদৌস আলম বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি মুনীর চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন আকাশ, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান খোকা, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক কবির খান, ছাত্রদলের সভাপতি ঈমান গাজী সহ প্রমুখ । সমাবেশ শেষে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
![]()