নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণে পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-ছেলের একসঙ্গে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া গ্রামের খাঁন বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- ওই এলাকার সাবেক সেনা সদস্য শাহাদাত হোসেন খাঁনের স্ত্রী বৃদ্ধা আমেনা বেগম রিনা (৬৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খাঁন(৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির সামনের পুকুর থেকে পানি তুলে পাশের নতুন একটি জায়গায় ফেলা বালুতে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক পাম্প মেশিন বসানো হয়। বিদ্যুৎ এর মূল লাইন থেকে পানি উঠানোর পাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় প্রথমে ছেলে রাসেল বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় পাশে থাকা মা রিনা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ঠ হন। এতে পাম্প মেশিনটিও পুড়ে যায়। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে । নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ গুলো হস্তান্তর করা হয়।
![]()