স্টাফ রিপোর্টার :
মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও উপজেলা যুবদলের সদস্য মো. ফয়েজ ও তার সহযোগীদের দ্বারা ইমামপুরের শিশু-কিশোর ফুটবল খেলোয়াড়দের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ষাটনল ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
শনিবার (৯ আগস্ট) বিকেলে কালীপুর বাজারের বেরিবাঁধ এলাকায় এ মানববন্ধনে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে চান্দ্রাকান্দি এলাকায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সাদুল্ল্যাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতলব উত্তর উপজেলা যুবদলের সদস্য মো. ফয়েজের নেতৃত্বে একদল লোক ইমামপুর এলাকার খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ৭ জন গুরুতর আহত হন।
আহতদের প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার পর আহতদের স্বজনরা ফয়েজ মেম্বারকে প্রধান আসামি করে মতলব উত্তর থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ষাটনল ইউপি সদস্য জাকির হোসেন, মো. মহসিন, লিয়াকত আলী, আবু বক্করসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, যুবদল নেতা ফয়েজ মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তারা অবিলম্বে ফয়েজ মেম্বারের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
![]()