সাহাদাত হোসেন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির আওতায় বিতরণ করা মিড-ডে মিলে পচা ডিম পাওয়ার অভিযোগ উঠেছে । বুধবার (৮এপ্রিল) সকালে উপজেলার ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২৯ মার্চ থেকে মতলব উত্তর উপজেলায় ‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে চালু হওয়া এ কর্মসূচির আওতায় পাঁচ ধরনের পুষ্টিকর খাবার সরবরাহের কথা রয়েছে।
ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র নাজমুল হাসান বলেন, আজকের ডিমে এত দুর্গন্ধ ছিল যে আমরা কেউ খেতে পারিনি। পচা খাবার খেয়ে অসুস্থ হলে তো আমরা পড়াশোনা করতে পারব না। আমরা চাই কর্তৃপক্ষ যেন আমাদের সবসময় টাটকা ও স্বাস্থ্যকর খাবার দেওয়ার ব্যবস্থা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আশিকুজ্জামান বলেন,আমার বিদ্যালয়ে ৩৫৪ জন শিক্ষার্থী। আজকে প্রায় ২০০ ডিম পচা আসছে। ডিমের উপর দিকে ভালো মনে হলে ভিতরে ভালো না,আমি দায়িত্বপ্রাপ্তদের বলব তারা যাতে ভালো মানের খাবার সরবরাহ করে,প্রথমদিকে ভালো মানের খাবার সরবরাহ করলেও এখন আমাদের নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে এত করে আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে।
প্রত্যাশী’র মতলব উত্তরের প্রজেক্ট ম্যানেজার আহাম্মেদ তাসনীন আলম বলেন, যদি এই রকম ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিক ডিমগুলো পরিবর্তন করে দেই। ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকবো। তাছাড়া আমাদের বিদ্যালয়গুলোতে বলা আছে খাবারে কোন সমস্যা হলে জানাবেন । পরিবর্তন করে দেবো।
![]()