মতলব প্রতিনিধি:
জনসাধারণের যাতায়াতে প্রতিবন্ধকতা ও দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে মতলব সেতুর হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩ জুন ) সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সেতুর ওপর ও আশপাশে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও অবৈধভাবে স্থাপিত হকারদের সরিয়ে দেওয়া হয়।
২০১৮ সালে সেতু চালু হওয়ার পর থেকে সেতুর ওপর দোকান বসানোর কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিলেন।
সম্প্রতি সেতুর উপর ঘটে যাওয়া দুর্ঘটনায় স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে সেতুকে স্থায়ীভাবে হকারমুক্ত রাখতে নিয়মিত নজরদারির দাবি জানান।
তাদের মতে, সেতুর ওপর অবৈধভাবে দোকান বসতে দেওয়া হলে আবারও যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হবে।
উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনের সাথে ছিলেন থানা পুলিশ, ক্লিন চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা শাখার স্বেচ্ছাসেবকরা।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সেতুর নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
![]()