মাদক রুখতে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

​হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান, কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
​বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বহুমুখী অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদরের একাংশ ও হাইমচর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
​ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ বলেন, “বর্তমান সরকার ভূমিসেবা উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল সেবা প্রদানে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু দেশে ভূমি নিয়ে মানুষকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয়। এই ভোগান্তি দূর করতে এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার শতভাগ ভূমিসেবা ডিজিটালাইজড করার জন্য কাজ করে যাচ্ছে।”
​শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণকালে এমপি শেখ ফরিদ আহমেদ মাদকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারাদেশের মতো চাঁদপুরেও মাদকের অবস্থা খুবই ভয়াবহ। শিক্ষাঙ্গনে খেলাধুলা চালু থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথে থাকবে, অন্যথায় তারা মাদকের মরণনেশায় জড়িয়ে পড়বে।”
​মাদক প্রতিরোধে এক সপ্তাহের মধ্যে জেলা প্রশাসকের সমন্বয়ে বিশেষ পাইলটিং কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, “মাদক প্রতিহত করতে আমরা হাইমচরের প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিটি গঠন করব। এই কমিটিতে শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন। সন্ধ্যার পর কোনো স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রী রাস্তায় আড্ডা দিলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।” তিনি শিক্ষকদের উদ্দেশ্যে স্কুল ছুটির পর বিকেলে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার ব্যবস্থা করার আহ্বান জানান।
​অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে কৃষকদের মাঝে সমবায় ভিত্তিতে ৫টি ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন, ২টি ভুট্টা মাড়াই মেশিন, ৬টি কীটনাশক স্প্রে মেশিন এবং ১টি সেচ মেশিন বিতরণ করা হয়।
​এ ছাড়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন, নগদ অর্থ ও চেক বিতরণ করেন প্রধান অতিথি।
​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, সিনিয়র মৎস্য অফিসার এবিএম আশরাফুল হক এবং হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
​রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, আব্দুল কুদ্দুস মেহনতী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল। এছাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শিকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খোরশেদ আলম কোতোয়ালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

Loading

শেয়ার করুন: