মিশরের আল-আজহারে পড়ার সুযোগ পেলেন আবু সুফিয়ান

 

 

কেএম নজরুল ইসলাম :

ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের হাজী বাড়ির ফয়েজ আহমেদের ছেলে আবু সুফিয়ান পারভেজ বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ অর্জন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামী ধর্মতত্ত্ব (ওংষধসরপ ঞযবড়ষড়মু) বিভাগে ভর্তি হওয়ার চূড়ান্ত অনুমোদন পেয়েছেন।

আবু সুফিয়ান পারভেজ বর্তমানে ঢাকার উত্তরার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ার শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির সঙ্গে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমমান (মুআদালা) চুক্তি থাকায় তিনি ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আল-আজহারে আবেদন করেন।

আবেদন অনুমোদনের পর আল-আজহার কর্তৃপক্ষ অনলাইনে একটি ভার্চুয়াল ভর্তি পরীক্ষা গ্রহণ করে। ঢাকা থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে ইসলামী ধর্মতত্ত্ব বিভাগে তার ভর্তি সম্পন্ন হয়।

এ উপলক্ষে গত ২৯ জুলাই উত্তরার জমজম টাওয়ারের ১২তম তলায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, আলেম, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত থেকে নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত উমর মহিউদ্দিন ফাহমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, হাইয়াতুল উলয়ার কো-চেয়ারম্যান ও দারুল আরকাম ট্রাস্টের সভাপতি শায়খ সাজিদুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) ড. মহিবুল্লাহ আল-বাকি।

এছাড়া মিশরের গ্র্যান্ড মুফতি প্রফেসর ড. নাজির আইয়াদ ভার্চুয়ালি বক্তব্য দেন।

বক্তারা বলেন, একসঙ্গে ১৫ জন বাংলাদেশি শিক্ষার্থীর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ অর্জন দেশের ইসলামি শিক্ষার জন্য একটি গৌরবময় মাইলফলক। তারা জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ার শিক্ষা-ঐতিহ্য, মানসম্মত পাঠদান এবং দক্ষ আলেম গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে আল-আজহারে অধ্যয়নের জন্য মনোনীত ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিরা আশা প্রকাশ করেন, উচ্চশিক্ষা শেষে তারা দেশ, জাতি ও ইসলামের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে নিজের অনুভূতি প্রকাশ করে আবু সুফিয়ান পারভেজ বলেন, তার শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন তার বাবা এবং বড় ভাই। তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয় আবু সুফিয়ান পারভেজ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন, যেন তিনি সফলভাবে পড়াশোনা শেষ করে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন।

Loading

শেয়ার করুন: