শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তি উপজেলায় কৃষিজমির টপসয়েল (উপরিভাগের উর্বর মাটি) কাটা ও অবৈধভাবে অপসারণ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন । তিনি বলেন, কৃষিজমির উর্বরতা নষ্ট করে এমন কোনো কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। যারা কৃষি জমি ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা অব্যাহত থাকবে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে ইউএনও এসব কথা বলেন।
সভায় ইউএনও আরও বলেন, টপসয়েল কেটে বিক্রির ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ বিষয়ে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গত কয়েকদিনে প্রায় দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ ব্যাবস্থা অব্যাহত রাখা হবে।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, বাজার মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ,শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীজন।
![]()