হাসান মাহমুদ ॥
চাঁদপুরের হাজীগঞ্জে এক শিশু শিক্ষার্থীর কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনী।
সোমবার (৫ মে) দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর এবিএস ফাজিল (ডিগ্রি) মাদাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহফুজের কাছ থেকে গুলি (কার্তুজ)সহ পিস্তলটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিক্ষার্থী মাহফুজের সাথে প্রতিবেশি নাছিরের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে মাহফুজ কোমর থেকে একটি কালো রুমালে মোড়ানো পিস্তল সদৃশ বস্তু বের করে। এ সময় স্থানীয় যুবক ফারুক দ্রুত তা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খবর দেন।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরাদ হোসেন ওই শিক্ষার্থীর বাড়ি সাড়াশিয়া থেকে গুলিসহ পিস্তলটি উদ্ধার করেন। এসময় হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরীক্ষা-নিরীক্ষার পর আর্মি ক্যাম্প থেকে জানানো হয়েছে, পিস্তলটি ৯এমএম এবং ৪ রাউন্ড এ্যামুনশিন।
ফারুক সংবাদকর্মীদের বলেন, আমরা চা খাচ্ছিলাম। হঠাৎ মারামারি ও ডাক-চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি, ছেলেটির হাতে পিস্তলের মতো কিছু একটা। সঙ্গে সঙ্গে সেটি উদ্ধার করে পুলিশকে খবর দেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, মাহফুজ নিজেই তার কোমর থেকে রুমালে মোড়ানো ওই পিস্তলটি বের করে। আমরা নিজের চোখে দেখেছি। স্থানীয়রা জানান, শিক্ষার্থী মাহফুজের বাবা ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে জড়িত।
এদিকে ওই শিক্ষার্থীর মা সংবাদকর্মীদের জানান, পোলাপাইনে এটি (গুলি ও পিস্তল) পেয়েছে। এরপর তারা কে নিবে, এটা নিয়ে মারামারি লাগে। এসময় লোকজন জড়ো হলে আর্মি-পুলিশ আসে।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পরিত্যক্ত অবস্থায় গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
![]()