রাস্তার পাশে পশুর হাট দেওয়া যাবে না: জেলা প্রশাসক

 

আরেফিন সুমন ॥

চাঁদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের অন্যতম প্রধান সমস্যা ছিল কিশোর গ্যাং। সেই কিশোর গ্যাংয়ের উপদ্রব এখন অনেকটাই কমে এসেছে। আমাদের পুলিশ সুপার জানিয়েছেন যে তাদের ফোর্স এখন এ ব্যপারে আগের চেয়ে বেশি সতর্ক এবং কঠোর। জেলার নারী বিষয়ক অপরাধ যেমন যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে আমরা জেলার সবাইকে খেয়াল রাখতে অনুরোধ করছি। কোস্টগার্ডের বিভিন্ন লঞ্চে হঠাৎ অভিযান আমাদের নজরে এসেছে। আমি তাদের বলবো আপনাদের কাজে কোন রকম সহায়তা দরকার পড়লে আপনারা আমাকে বা জেলা পুলিশকে জানাবেন।

প্রেসক্লাবের সভাপতির কোরবানীর ঈদ প্রসঙ্গের জবাবে তিনি বলেন, পশুর হাট কিংবা বাজার রাস্তায় দেওয়া যাবে না। বিশেষ করে চাঁদপুর-ঢাকা যাওয়ার পথে আমরা সবাই চাঁদপুর অংশে এ জিনিসটা খেয়াল রাখবেন। বরাবরের মতো এইবারও কোরবানির পশুর জন্য আলাদা স্থান নির্ধারন করে দেওয়া থাকবে। যেই স্থানের বাইরে কেউ যাতে হাট না বসায় সে ব্যপারে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বাজার মনিটরিং অব্যাহত থাকবে। আসন্ন ঈদ উপলক্ষ্যে বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটগণ ঘন ঘন বাজার মনিটর করতে হবে। এ ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আশা করি আমাদের সহযোগিতা করবেন।

তিনি বলেন, আমাদের জেলায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিস খুব সুন্দর কাজ করছে। আমি অনেককেই বলতে শুনেছি পাসপোর্ট অফিসের সেই হয়রানি এখন প্রায় নেই বললেই চলে। তবে যতটুকু দালালের দৌরাত্ম্য বর্তমানে আছে আমি আশা করবো পাসপোর্ট অফিসের উপ পরিচালক আমাদের জেলা পুলিশের সহায়তা নেবার জন্য সচেষ্ট থাকবেন এবং আপনার দপ্তরের দালালদের দৌরাত্ম্য শূণ্যের কোঠায় নামিয়ে নিয়ে আসবেন।

জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: আব্দুর রকিব (পিপিএম), নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. ইকবালুর রহমান, এনএসআইয়ের যুগ্ন পরিচালক মো: আবু আবদুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোসা: নাছিমা আক্তার, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো: মিজানুর রহমান, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক মাহবুবুর রহমান, বাংলাদেশ রেলওয়ে চাঁদপুরের স্টেশন মাস্টার মারুফ হোসেনসহ সকল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Loading

শেয়ার করুন: