কেএম নজরুল ইসলাম :
গ্রামীণ জনপদে ফুটবল মানেই উৎসব, উচ্ছ্বাস আর মিলনমেলা। মাঠের লড়াই ঘিরে তৈরি হয় দর্শকদের বাড়তি আগ্রহ। সেই আবহেই চাঁদপুরের ফরিদগঞ্জে জমে উঠেছে বহুল প্রতীক্ষিত রূপসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। টুর্নামেন্টের ফাইনালকে সামনে রেখে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে রূপসা জমিদার বাড়ির সম্মুখে উন্মোচন করা হয়েছে বহুল আকাঙ্ক্ষিত ফাইনালের ট্রফি।
আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত জমজমাট ফাইনাল। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে গল্লাক স্পোর্টিং ক্লাব ও সানরাইজ স্পোর্টিং ক্লাব, রামগঞ্জ।
রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্ট শুরু থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি করেছে। প্রতিটি ম্যাচে ছিল প্রতিদ্বন্দ্বিতা, দারুণ নৈপুণ্য ও উত্তেজনা। গ্রামীণ পর্যায়ে এমন আয়োজন শুধু খেলাধুলার পরিবেশই তৈরি করে না, বরং তরুণদের মাঠমুখী করতে এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতিভা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা সৈয়দ মেহেদী হাসান চৌধুরী উপস্থিত থেকে ট্রফি উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুল হক, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, টুর্নামেন্টের উপদেষ্টা ফারুক খান, কাজী ইকবাল হোসেন পিন্টু ও হারুনুর রশিদ, পৃষ্ঠপোষক আনোয়ার খান, আয়োজক কমিটির আহ্বায়ক আজিম হোসেন নোবেল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সজিব, ফরহাদ হোসেন, রবিউল হোসেন, ওমর ফারুক মামুন, মাসুম মিরাজ বাবু, রফিকুল ইসলাম বিএসসি, কাউসারুল আলম, মো. এমরান হোসেন ও ইব্রাহীম খলিল প্রমুখ।
ট্রফি উন্মোচন শেষে প্রধান উপদেষ্টা সৈয়দ মেহেদী হাসান চৌধুরী ফাইনাল খেলাটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি ফুটবলপ্রেমী দর্শকদের মাঠে উপস্থিত হয়ে ফাইনাল খেলা উপভোগ করার আহ্বান জানান।
এদিকে বহুল প্রতীক্ষিত ফাইনালকে ঘিরে রূপসা ও আশপাশের এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। দর্শকদের প্রত্যাশা, দুই দলের লড়াইয়ে মাঠজুড়ে ছড়িয়ে পড়বে উত্তেজনা আর নৈপুণ্যের ঝলক; শেষ বাঁশিতে যে দল এগিয়ে থাকবে, তার হাতেই উঠবে রূপসা গোল্ডকাপের কাঙ্ক্ষিত ট্রফি।
![]()