শাহরাস্তিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মো. মহিউদ্দীন:
চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগষ্ট) গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার খেড়িহার ও টামটা দক্ষিণ ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় খেড়িহার এলাকায় অভিযান চালিয়ে মিঠুন চন্দ্র দাস (৩৪) ও সজীব চন্দ্র দাস (৩৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । গ্রেপ্তার দুজন ফেনীর সোনাগাজী উপজেলার আউরারখীল এলাকার বাসিন্দা।
অপরদিকে, একই রাতে টামটা দক্ষিণ ইউনিয়নের মুন্সি গাজী পাটোয়ারী বাড়ির পশ্চিম পাশে ইটসলিং সড়কে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক প্রকাশ অনিক (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধান ও নেতৃত্বে পৃথক অভিযান দুটি পরিচালিত হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় থানায় পৃথক মামলা হয়েছে।
গ্রেপ্তার তিনজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Loading

শেয়ার করুন: