মো. মহিউদ্দীন ॥
চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে এবং অনলাইন জুয়া খেলার অভিযোগে আরও তিনজন সহ সাতজনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সাতজনকে সোমবার (১৭ আগস্ট) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, রোববার (১৬ আগস্ট) শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ পিচ ইয়াবাসহ আনোয়ার হোসেন সোহাগ (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। একই দিন পশ্চিম চিতোষী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাত পিচ ইয়াবাসহ ইমান হোসেন (২৮) ও রিয়াদ হোসেন (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া পূর্ব চিতোষী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাদরা এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ আবদুল্লাহ মোহাম্মদ শিহাব (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে সাইবার অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার সময় নাহিদুল ইসলাম (২০), সামীম (৩০) ও পারভেজ হোসেন শুভ (২০) নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের সহযোগিতায় পৃথক অভিযানগুলো পরিচালনা করেন এসআই আব্দুল কুদ্দুছ সরকার, এসআই আইয়ুব খান ও এসআই শফিকুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা তাদের সঙ্গে ছিলেন। অনলাইন জুয়া বিরোধী অভিযান পরিচালনা করেন এসআই শমসেদ হোসেন।
পুলিশ জানায়, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা হয়েছে। আর অনলাইন জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর ১৬ ধারায় মামলা করা হয়েছে।
![]()