শাহরাস্তিতে ৫ মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার -১৩

 

মো.মহিউদ্দীন :

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৫ মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে গ্রেফতার আরও ৮ জনসহ মোট ১৩ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকাল চারটায় পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ১৮ ও ১৯ জুলাই উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসব অভিযানে এসআই (নিঃ) মো. মাহবুবুল আলমের নেতৃত্বে চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী টু বসুপাড়া সড়কের তফাদার বাড়ির সামনে থেকে পরানপুর গ্রামের মো. শহীদ উল্লাহ (২৬) ও কচুয়া উপজেলার রাজাপুর এলাকার মো. মজিব (২৩)-কে ৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) আব্দুল কুদ্দুস ও এএসআই (নিঃ) এরশাদ মিয়ার নেতৃত্বে একই এলাকা থেকে নরিংপুর গ্রামের মো. রাশেদ (২৫) ও মো. মহিনকে (২৮) ২১ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এছাড়া ১৯ জুলাই এসআই (নিঃ) আব্দুল কুদ্দুস ও এএসআই (নিঃ) শহীদুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে চিতোষী পশ্চিম ইউনিয়নের মীর বাড়ি মসজিদ সংলগ্ন এলাকা থেকে পাথৈর গ্রামের মো. মহিন উদ্দিন (৫৫)-কে ২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Loading

শেয়ার করুন: