নিজস্ব প্রতিনিধি:
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, সালাম ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আন্তরিকতা বৃদ্ধি পায়। শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। শিক্ষার্থীদের নিয়মিত সংস্কৃতিচর্চা করতে হবে।
তিনি আরও বলেন, তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ বিভিন্ন লেখকের লেখা বই পড়বে। বই পড়ার মাধ্যমে দেশের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জানা যাবে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন হয়। তাই খেলাধুলার বিকল্প নেই। সংস্কৃতিচর্চা করতে হবে। কিশোর উপন্যাস পড়বে, বিভিন্ন কবি-সাহিত্যিকের বই পড়তে হবে। পাশাপাশি ইংরেজি পড়ে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। আমরা আবৃত্তি, গান ও বিতর্কচর্চা করব। ভালো মানুষ হতে হলে সংস্কৃতি ও ধর্মীয় অনুশাসন মানতে হবে। নিজ নিজ ধর্মচর্চা করতে হবে। পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিক প্রজন্ম গড়ে উঠবে। শিক্ষার্থীদের ভালো ও মানবিক মানুষ হতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে।
মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘কিশোর গ্যাং’ কোনো বীরত্ব নয়, এটি একটি অপরাধ। মাদক একজন মেধাবী শিক্ষার্থীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং তার পরিবারকে ধ্বংস করে দেয়। কোথাও ইভটিজিংয়ের ঘটনা ঘটলে চুপ না থেকে শিক্ষক, অভিভাবক বা প্রশাসনকে জানাতে হবে। কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও ইভটিজিংয়ের তথ্য থাকলে আমাকে জানাবে। আমরা ব্যবস্থা গ্রহণ করব।
জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান মুরাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা ও চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা বলেন, আজকে অনেক শিক্ষার্থী সামাজিক বিভিন্ন বিষয় ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরেছে। শারীরিক ও মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। তোমাদের মধ্যে শ্রদ্ধা ও ভক্তি থাকতে হবে। শিক্ষার ক্ষেত্রে তোমাদের সহযোগিতা থাকতে হবে। ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিষয়ে তথ্য থাকলে আমাদের জানাবে। কোথাও বাল্যবিবাহের তথ্য পেলে আমাকে ফোন দেবে, আমি ব্যবস্থা গ্রহণ করব।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, আজকের অনুষ্ঠানটি কো-কারিকুলার অ্যাক্টিভিটিজের অংশ। বিদ্যালয় থেকে ক্রীড়া অনুষ্ঠান প্রদর্শন করে জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। বর্তমান সরকার ক্রীড়াবান্ধব ও জনবান্ধব। প্রাইম মিনিস্টার গোল্ডকাপ অনুষ্ঠিত হবে, তোমাদের প্রস্তুত থাকতে হবে এবং অংশ নিতে হবে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়ায় সম্পৃক্ততা বাড়াতে হবে। গানের ক্ষেত্রেও শিক্ষার্থীদের প্রতিভার স্বাক্ষর রাখতে হবে। মাদক ও কিশোর গ্যাং থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড (শাহতলী) বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ মিজিসহ শিক্ষকবৃন্দ।