স্টাফ রিপোটার :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা মৌজায় সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে আদালত স্ব- প্রণোধীত হয়ে মামলা করেছে। একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে বিষয়টি আদালতের নজরে এলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ প্রদান করেন।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যে উল্লেখ করা হয়,রূপসা ১৪০ মৌজার ১ নং খতিয়ানের ৩২৪২ দাগের সরকারি খাস জমি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত দখল করে সেখানে ভবন নির্মাণ করা হয়েছে। অভিযোগটি আদালতের দৃষ্টিগোচর হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
আদালত ‘ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর আলোকে ঘটনাটিকে আমলযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ১৯০(১) (গ) অনুযায়ী সু-মোটো মামলা রুজু করেন।
একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ধারা ২০২ অনুসারে সহকারী কমিশনার (ভূমি), ফরিদগঞ্জ, চাঁদপুরকে ঘটনাস্থল পরিদর্শন, নকশা ও খতিয়ান যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় তদন্ত শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।
আদালত আগামী ৭ জুন ২০২৬ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
![]()