সিআইডি প্রধান হলেন চাঁদপুরের কৃতি সন্তান আলি আকবর খান

 

 

মেঘনা বার্তা ডেস্ক :

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) শীর্ষ পদের ভার অর্পণ করা হয়েছে ডিআইজি আলি আকবর খানের ওপর। গত সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়া হয়।

চাঁদপুর জেলায় ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই চৌকস পুলিশ কর্মকর্তা ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইউনিটে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া পেশাগত দক্ষতার অংশ হিসেবে তিনি দেশ-বিদেশে বহু উচ্চতর প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন।

এদিকে ডিআইজি আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব গ্রহণ করায় সিআইডি পরিবারের পক্ষ থেকে তাঁকে গভীর উচ্ছ্বাস ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।

সিআইডির সদস্যরা আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষ নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাদারিত্বের ছোঁয়ায় সিআইডির অপরাধ তদন্ত ও সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক এবং সময়োপযোগী হয়ে উঠবে।

Loading

শেয়ার করুন: