সেবার মানোন্নয়নে চেষ্টা করছি, সবার সহযোগিতা প্রয়োজন:তত্ত্বাবধায়ক

 

 

সংবাদ বিজ্ঞপ্তি :

সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুর ও এসিজি গ্রুপের সাথে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময় সভা ২৪ জুন তত্ত্বাবধায়কের কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান।

তিনি বলেন, স্বাস্থ্যখাতে বিগত দুই বছেরে কোন উন্নয়ন প্রকল্প নাই। যার কারণে ঔষধ থেকে শুরু করে সকল পর্যায়ে সমস্যা হচ্ছে এবং সেবা প্রদানে মারাত্মক বিঘ্ন হচ্ছে। ঔষধের ঘাটতি কিছুটা কমলেও জনগণের চাহিদা অনুযায়ী প্রত্যাশিত না। হাসপাতালে ডাক্তার, নার্স, পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে সকল পর্যায়ে জনবলের ঘাটতি রয়েছে ব্যাপক। হাসপাতালে এখনো ২৩জন ডাক্তারের পদ শূণ্য রয়েছে। ২৫০ জনের জন্য হাসপাতালটি হলেও আরও ১০০জন রোগী অর্থাৎ ৩৫০জন রাখা যেতে পারে। কিন্তু প্রতিদিন প্রায় ৫০০জন রোগী হাসপাতালে ভর্তি থাকে।

তিনি বলেন, হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা আগের তুলনায় অনেক ভালো। প্রতিদিন মনিটরিং করে থাকি। একজন রোগীর সাথে অধিক সংখ্যক লোকজন আসার কারনে হাসপাতালের পরিবেশ অনেকটা ব্যহত হচ্ছে। সীমিত বাজেট দিয়ে খাবারের মান কখনোই রোগীদের চাহিদা অনুযায়ী সন্তোষজনক করা যাবে না। হাসপাতালটির সেবার মানোন্নয়নে আমাদের চেষ্টা অব্যাহত আছে। জনগণের চাহিদার শেষ নেই। কিন্তু আমাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। জনসংখ্যা অনুযায়ী হাসপাতালটির অবকাঠামোগত উন্নয়ন জরুরি বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, সনাক ও এসিজির পক্ষ থেকে সে সমস্যাগুলো উত্থাপন করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষনিক আমাকে জানাবেন প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের আরও বেশি সচেতনতাই হাসপাতালের সেবা কার্যক্রম আরও বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন। হাপাতালের কাঙ্খিত উন্নয়ন বা সেবা নিশ্চিত করতে হলে স্বাস্থ্যখাতে বরাদ্দ ও জনবল সংকট দূর করতে হবে।

তিনি এসিজি ও ইয়েস সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা হাসপাতালে মনিটরিংয়ে এসে যেসকল সমস্যা পান সেগুলো তাৎক্ষণিক আমাকে জানাবেন। তাহলে সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নিতে পারবো। হাসপাতাল সম্পর্কিত সনাক ও এসিজি’র পর্যবেক্ষণসমূহ পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান। সনাকের পক্ষ থেকে সুপারিশগুলো হাসপাতালের সেবার মানোন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।

সনাকের সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী, সনাকের সাবেক সভাপতি ও সদস্য ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য মোঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন।

এছাড়াও উপস্থিত ছিলেন, হাসপাতালের আরএমও ডাঃ আসিবুল আহসান, এসিজি সদস্য আয়েশা আক্তার রুপা, সুমি আক্তার, মোঃ আল আমিন হোসাইন, তানভীর আহমেদ, সুলতানা আক্তার এবং ইয়েস সদস্য তানভীর আহমেদ।

 

 

Loading

শেয়ার করুন: