স্বর্ন চোরাচালানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

 

হাইমচর প্রতিনিধি :

আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও জিআর পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি সামস উদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সামস উদ্দিন চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহজমপুর গ্রামের লোকমান গাজীর ছেলে। তার মায়ের নাম সামছুন নাহার।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সামস উদ্দিন ঢাকা বিমানবন্দর থানার মামলা নং- ৬০ (০২)১৫ এবং মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল নং-৪৮৫/১৭ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ২০১৫ সালে সোনা চোরাচালানের অভিযোগে মামলা হওয়ার পর থেকেই সে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পলাতক জীবনযাপন করছিল।

হাইমচর থানার এসআই (নিঃ) মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া জানান, ২০২০ সালে রায় হওয়ার পর থেকেই এই আন্তর্জাতিক সোনা চোরাচালানি পলাতক ছিল। চলতি বছরের মার্চ মাসে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আসামি দেশেই অবস্থান করছে। এরপর হাইমচর থানা অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় স্থানীয় পর্যায়সহ নির্বাচন অফিস, পাসপোর্ট অফিস এবং বিটিআরসি (ইঞজঈ) অফিসের সহায়তায় আসামির নিখুঁত তথ্য ও প্রযুক্তিগত অবস্থান সংগ্রহ করা হয়।

পরবর্তীতে চাঁদপুর জেলা পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় দেশের সকল স্থলবন্দর ও বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশকে একটি বিশেষ সতর্কবার্তা ও চিঠি প্রেরণ করা হয়, যাতে কোনোভাবেই আসামি দেশ ত্যাগ করতে না পারে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নজরদারির মাধ্যমে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে লুফে নেয়।

অভিযান পরিচালনাকারী হাইমচর থানার চৌকস পুলিশ টিমটিতে এসআই সোহরাব হোসেন ভূঁইয়ার সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন, কনস্টেবল ৩৭২ আনোয়ার হোসেন এবং কনস্টেবল ৯৭৪ মোঃ এমদাদ হোসেন।

আটকের পর তাৎক্ষণিকভাবে আসামিকে ঢাকা বিমানবন্দর থানা হেফাজতে রাখার জন্য একটি আনুষ্ঠানিক অধিযাচনপত্র (রিকুইজিশন) পাঠানো হয়।

এ বিষয়ে চাঁদপুরের হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সামস উদ্দিনকে বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করেছে। খবর পাওয়া মাত্রই আসামিকে হাইমচর থানায় নিয়ে আসার জন্য আমাদের একটি বিশেষ পুলিশ টিম ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। বিমানবন্দর থানা থেকে আসামিকে বুঝে নেওয়ার পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Loading

শেয়ার করুন: