হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই শহিদ দিবস’ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মেহেদী হাসান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ভজন হরি মজুমদার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার।
সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী এবং হাইমচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পক্ষ থেকে নিজেদের আবেগঘন অভিজ্ঞতা ও বীরত্বগাথা তুলে ধরে বক্তব্য রাখেন আহত যোদ্ধা জাহিদ হোসেন ও মো: রনি গাজী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, হাইমচর উপজেলার বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জুলাই বিপ্লবে আহত অন্যান্য বীর যোদ্ধারা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ এ জাতি কোনোদিন ভুলবে না। তাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং উপজেলা প্রশাসন সর্বদা তাদের পাশে থাকবে।
বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের স্বপ্নপূরণে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
![]()