হাজীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় ডাক্তার পরিচালকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

 

হাসান মাহমুদ :

চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজার শাহ-মিরান হাসপাতালে সিজার অপারেশনের পর লামিয়া আক্তার তুবা (২১) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। ঘটনাটি গত শুক্রবার রাতের। এই ঘটনায় ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ এনে তার মা মোসাঃ ফাতেমা বেগম বাদী হয়ে ডাক্তার পরিচালকসহ ৭ জন নামীয় ও আরও কয়েকজন অজ্ঞতনামা বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযুক্তরা হলেন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ ওয়াসীক ফয়সাল (৫০), ডাঃ আবুল কালাম আজাদ (৫৭), স্বত্বাধিকারী মোশারফ হোসেন পাটওয়ারী (৬০), ডিউটি ডাক্তার সাইফুল ইসলাম (৫০), ম্যানেজার মোঃ মাসুদ (৪৫), ডিউটি ডাক্তার মোঃ সাজ্জাদ হোসেন (৪০) ও পরিচালক মোঃ আলম (৪০) সহ আরও অজ্ঞাতনামা কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, মৃত্যুর বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে অশোভন আচরণ ও ভয়ভীতি দেখিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান।
নিহত তুবার মা মোসাঃ ফাতেমা বেগম হাজীগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে জানান, প্রসব বেদনা শুরু হলে মেয়েকে সুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপ ও ডিউটি ডাক্তার সাইফুল ইসলামের ইঙ্গিতে সিজার রুমে নিয়ে যাওয়া হয়। সিজারের মাধ্যমে সন্তান প্রসব করলেও দীর্ঘ সময় পার হওয়ার পরও তুবার জ্ঞান ফেরেনি। কর্তব্যরত ডাক্তার ও নার্সদের অবহেলার কারণে সিজার রুমেই তার মৃত্যু হয়। তবে নবজাতক সুস্থ আছে। তারা ভুল চিকিৎসকের মাধ্যমে অপারেশন করিয়ে আমার মেয়েকে মেরে পেলেছে।
এ বিষয়ে হাসপাতালে ডাক্তার এ.কে আজাদ বলেন, প্রসুতি তুবাকে সিজার করে সুস্থ অবস্থায় বেডে দেওয়া হয়েছে। কয়েক ঘন্টা পর হঠাৎ করে তার মৃত্যু হয়। এতে আমাদের কোন অবহেলা ছিল না।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Loading

শেয়ার করুন: