হাসান মাহমুদ ॥
হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৩০৫টি যানবাহন তল্লাশি করে ৪টি মোটরসাইকেল জব্দসহ ১০ জন আরোহীকে পৃথকহারে মোট ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ জুন) পৌরসভাধীন রান্ধুনীমূড়া এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশি, মোটরসাইকেল জব্দ ও মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প, হাজীগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশ। অভিযানে ৩০৫ টি ছোট-বড় যানবাহন তল্লাশি করা হয়।
এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি মোটরসাইকেল জব্দ এবং হেলমেট ও লাইসেন্স না থাকায় ১০ জন আরোহীর কাছ থেকে পৃথক হারে মোট ৬৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি টিমের সদস্যরা। এর আগে মঙ্গলবার পৌরসভাধীন বলাখাল এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে তল্লাশি অভিযানে ৯ জন মোটরসাইকেল আরোহীকে পৃথক হারে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান এবং যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
![]()