হাজীগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

 

হাজীগঞ্জ প্রতিনিধি ॥

হাজীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে শিল্পী বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের কলার বেপারী বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মো. রবিউল আউয়াল জানায়, শিল্পী বেগম সকালে নিজ বাড়ির রান্নাঘরে মশল্লা পিষানো অবস্থায় তার হাতে সাপে কামড় দেয়। সাথে সাথে বিষাক্ততা ছড়িয়ে পড়লে সে ডাক-চিৎকার শুরু করে। তাৎক্ষণিক পরিবারের লোকজন এসে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে কুমিল্লায় নেওয়ার পথে সে মারা যায়।

শিল্পী বেগম উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের কলার বেপারী বাড়ির মো. আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননি। হাজীগঞ্জ-কচুয়া রোডস্থ পাতানিশ গ্রামের পোদ্দার বাড়ি সংলগ্ন নতুন বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন এবং এই বাড়িতে তিনি সাপের দংশনের শিকার হন।
খবর পেয়ে সাপুড়ে এসে শিলপাটার নিচে থাকা মাটির গর্ত থেকে সাপটি উদ্ধার করে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে কিছু পরীক্ষা দেওয়া হয়েছিলো। কিন্তু রিপোর্ট আসার আগেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে হাটিলা পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ জাকির হোসেন লিটু জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিল্পী বেগম মারা যান।

শেয়ার করুন: