হাজীগঞ্জ-শাহরাস্তিতে ৪৫ বাজারে খাজনা বন্ধ, স্বস্তিতে ব্যবসায়ী-চাষি

 

মো.মহিউদ্দীন :

নব বর্ষের উপহার হিসেবে খাজানা মুক্ত হাঁট বাজার পেল চাঁদপুর – (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের পাঁচ লক্ষ্যাধিক মানুষ। নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক দুই উপজেলার ৪৫ টি বাজারে খাজনা আদায় বন্ধের এ ঘোষণা দিয়েছেন।

যা স্থানীয় ব্যবসায়ী ও প্রান্তিক চাষিদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এর পর পর্যায় ক্রমে উপজেলার হোসেনপুর, কাঁকৈর তলা, শোরসাক এবং হাজীগঞ্জের পালিশারা,বেলচোঁ, রামচন্দ্র পুর,বলাখাল,বাকিলা,রাজার গাঁও,রামপুর ও হাজীগঞ্জ বাজারে আয়োজিত দিন ব্যাপি বর্নাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে এই সুখবর পৌঁছানো হয়।

বাংলার গ্রামীণ অর্থনীতিতে খাজনা প্রথার দীর্ঘ ইতিহাস রয়েছে। এক সময় জমিদারি ব্যবস্থার অংশ হিসেবে ভূমি ও হাট-বাজারে খাজনা আদায় চালু হলেও সময়ের পরিক্রমায় এটি অনেক ক্ষেত্রে প্রান্তিক বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। ইজারা ব্যবস্থার আড়ালে অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি এবং চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের।

এই প্রেক্ষাপটে স্থানীয় বাজারগুলোতে প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বস্তি দিতে এবং ইজারা আদায়ের নামে সব ধরনের অনিয়ম বন্ধে এ উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা প্রশাসন বাজারগুলো ইজারা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলে সব নিয়মনীতি অনুসরণ করে এমপির নির্দেশে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় রাজস্ব আগেভাগেই সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ফলে সাধারণ বিক্রেতাদের কাছ থেকে আর কোনো খাজনা আদায় করা হবে না।

ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, পূর্বে ঢাক পিটিয়ে খাজনা নিতে আসতো, আর আমরা ঢাক পিটিয়ে খাজনা বন্ধের ঘোষণা দিয়ে গেলাম, আজ পহেলা বৈশাখ থেকে কেউ আর খাজনা দিবেন না। প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাজনা আদায়ের নামে সাধারণ মানুষকে প্রায়ই হয়রানির শিকার হতে হয়, অনেক ক্ষেত্রে এটি চাঁদাবাজিতে রূপ নেয়। আমার সংসদীয় এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি ও হয়রানি সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, শুধু বাজার নয়, বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডের মতো স্থানেও ইজারা ও চাঁদাবাজি বন্ধ রাখা হবে। কোনো অজুহাতে সাধারণ মানুষের ওপর অন্যায় বা জুলুম মেনে নেওয়া হবে না।

Loading

শেয়ার করুন: