স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের নবগঠিত কমিটির সাথে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, সংস্কৃতি রক্ষায় মহিলা ঐক্য পরিষদকে ভূমিকা নিতে হবে। আপনাদের যেকোন সমস্যায় আমি পাশে আছি। ১২ ফেব্রুয়ারির ভোটে আপনারা আমাদেরকে যে সহযোগিতা করেছেন আশা করি সে সহযোগিতা সবসময়ই অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, নির্বাচনে জয় লাভের পর দায়িত্ব পেয়েই আমরা কিছু কিছু এলাকার উন্নয়নমূলক কাজে হাত দিয়েছি। দোকান ঘর থেকে হাইমচর পর্যন্ত রাস্তার কাজ শুরু করা হয়েছে। ফরিদগঞ্জের বাইপাস রাস্তার কাজও চলছে। আগামী তিন চার মাসের মধ্যে এর সুফল পাবেন। বসার জন্য কদমতলায় অডিটরাম করা হয়েছে।
তিনি বলেন, আমাদের এই অঞ্চলে দুঃস্থ অনেক মানুষ রয়েছে। তাদের জন্য সরকারের অনেক ব্যবস্থা থাকে সমাজ কল্যাণ দপ্তরে। তো, আপনাদের সংগঠনের মাধ্যমেও যদি এমন কেউ থেকে থাকে, তাহলে আমাকে জানাবেন। বিশেষ করে অনেক হিন্দু শিক্ষার্থীরা মেধাবী হওয়া সত্ত্বেও অর্থ সংকটে রয়েছে। তাদের তথ্য সংগ্রহ করে ফরম পূরণ করে আপনারা আমাকে জানাবেন তাহলে সরকার ও আমরাও তাদের পাশে থাকবো।
তিনি আরো বলেন, মাদক নিয়ে কাজ করছি। আপনারা উপার্জন ও পরিবার নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু আমাদের আপনাদের সন্তানরা কি করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রশাসন আইনের মাধ্যমে সকল কিছু করবেন। আপনারা আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখবেন। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। আপনাদের কমিউনিটির উন্নয়নে যখন যা লাগবে বলবেন আমি পাশে থাকবো।
চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদারের সভাপতিত্বে এবং জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা ঐক্য পরিষদের সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ, যুগ্ম আহ্বায়ক পাপড়ি বর্মন, কবিতা সাহা, রাখি মজুমদারসহ অন্যরা।
এসময় জেলা মহিলা ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নারীদের নিয়ে তাদের নানাবিধ সমস্যা ও সংগঠনের লক্ষ্য উদ্দ্যেশ্য ও কাজ সম্পর্কে এমপি-কে অবগত করেন।
সভায় উপস্থিত থাকবেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় ভূষণ মজুমদার, সদস্য সচিব অজিত সাহা, সদস্য নির্মল পাল, জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্ত, যুগ্ম আহ্বায়ক উপমাসহ ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
![]()