২০ জুন চাঁদপুর সফরে আসছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী 

 

স্টাফ রিপোর্টার:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি আগামী ২০ জুন  চাঁদপুর জেলা সফরে আসছেন।

সফর উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়, ডিএসবি, চাঁদপুর থেকে জারি করা এক স্মারকে জানানো হয়, প্রতিমন্ত্রীর সফরসূচি ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

 

সফরসূচি অনুযায়ী, ২০ জুন শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে তিনি ঢাকাস্থ নিজ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১টা ৩০ মিনিটে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদের বাসভবনে উপস্থিত হয়ে মধ্যাহ্ন বিরতিতে অংশ নেবেন। এরপর বিকেল ৪টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত নদীভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৯টায় নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে। সফরকে কেন্দ্র করে জেলার প্রবেশপথ থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত বিশেষ প্রটেকশন ডিউটি, পিকেট ডিউটি ও বাসভবন নিরাপত্তা জোরদার করা হয়েছে। চাঁদপুর সদর, মতলব উত্তরসহ বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

এছাড়া শিল্পকলা একাডেমি ও আশপাশ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, সফরসূচি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

Loading

শেয়ার করুন: