আরেফিন সুমন ॥
চাঁদপুর জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল ) সকালে জেলা প্রশাসন কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সভায় জেলা প্রশাসক বলেন, আমি কিছু গুরুত্বপূর্ণ দিক এ সভায় বলতে চাচ্ছি। আসলে এই ঈদে আমি অনেক চিন্তা করেছি। যারা জামিন যোগ্য অপরাধের কারনে বৃহস্পতিবার আটক হন,তারা জামিনের জন্য কর্মদিবসের অপেক্ষা করেন। বিজ্ঞ আদালতে তো আসামীপক্ষের কথা বলার অধিকার আছে। এই ঈদের বন্ধে আসামী কিন্তু জেলেই আটকে আছেন আইনি কারনে। আমি বিজ্ঞ আদালত ও আইনজীবীদের অনুরোধ করবো আপনারা এই জটিলতা বন্ধে যথাযথ পদক্ষেপ নিবেন।
ইলিশ ও জাটকার অভিযান প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, জাটকা নিধন অনেক কমেছে। মাঝে মাঝে আমাদের কিছু জায়গায় জাটকা ধরা হয়। তবে তা খুবই সামান্য। এ ব্যাপারে আরো কঠোর নজরদারি করতে হবে। মেঘনার কিছু অঞ্চলে বালি উত্তোলন করা হচ্ছে বলে আমরা জানি। এদেরকে ধরতে গেলে পাওয়া যায় না। যেকোনো ভাবেই হোক তারা পালিয়ে যায়। অবৈধভাবে বালু উত্তোলন আর করতে দেয়া হবে না।
তিনি বলেন, আমরা বিগত ঈদে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেকাংশে হ্রাস করতে পেরেছি। আপনাদের বলে দিতে চাই, এ ব্যপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতিতে আছে। কিশোর গ্যাংসহ যে কোন সন্ত্রাসী কার্যকলাপকে আমরা শক্তভাবে প্রতিহত করবো। ট্রাফিক পুলিশ থেকে কমিউনিটি পুলিশ সবাইকে ধন্যবাদ জানাই। কারণ বিগত রমযানে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।
সভায় পুলিশ সুপার আব্দুর রকিব, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, এনএসআইয়ের যুগ্ন পরিচালক মো: আবু আবদুল্লাহ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মো: ইকবালুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা, চাঁদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সদর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক আশরাফুল আহমেদ চৌধুরী, কোস্টগার্ডের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো: খাইরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো: শাহজালাল ছোয়াদসহ অন্যানরা উপস্থিত ছিলেন।