মার্কেন্টাইল ব্যাংকের চান্দ্রা বাজার উপশাখা থেকে কোটি টাকা আত্মসাত, দুদকে মামলা

 

নিজস্ব প্রতিনিধি ॥

প্রতারণার মাধ্যমে ৫ জন গ্রাহকের ১কোটি ১৬ লক্ষ ৪৮ হাজার ৪শত টাকা আত্মসাতের অভিযোগে মার্কেন্টাইল ব্যাংকের চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার উপশাখার এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

পাঁচজন গ্রাহকের মধ্যে মো: বদিউজ্জামান বেপারী’র ৩৭ লক্ষ ৪৮ হাজার ৪শত টাকা, রুনা বেগমের ২৮ লক্ষ টাকা, মোঃ নেছার আহম্মেদের ২৭ লক্ষ ৫০ হাজার টাকা, মাহফুজুর রহমানের ১৭ লক্ষ টাকা এবং সাকিব ট্রেডার্স এর ৬ লক্ষ ৫০ হাজার টাকা । সর্বমোট ১ কোটি ১৬ লক্ষ ৪৮ হাজার ৪শত টাকা আত্মসাৎ করেন।

আত্মসাতকারি হলেন, মোঃ জসিম উদ্দিন (৪১) মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার উপশাখার এক্সিকিউটিভ অফিসার। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় হলুদিয়া প্রধান বাড়ীর মৃত হাজী আমির হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার উপশাখার এক্সিকিউটিভ অফিসার মো. জসিম উদ্দিন ২০ ফ্রেব্রুয়ারী ব্যাংকের ঋণ গ্রাহক মাহফুজুর রহমান ও ডিপোজিটর মোঃ বদিউজ্জামান বেপারীর বিনা অনুমতিতে তাদের একাউন্ট থেকে আরটিজিএস এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক হিসাবে ২৩ লাখ ৫০ হাজার টাকা ট্রান্সফার করেন।

এছাড়াও গ্রাহক রুনা বেগমের বিনা অনুমতিতে সুপার মুনাফা হতে ৩২ লাখ টাকা এসওডি (এসএস) করে এবং উক্ত টাকার মধ্য হতে ৩০ লাখ টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে আরটিজিএস করেন। এছাড়াও ঋণ গ্রাহক নেছার আহম্মেদের এসওডি (এসএস)লিমিট সম্পূর্ণ অবৈধভাবে বৃদ্ধি করে ২৭ লক্ষ ৫০ হাজার টাকা সাকিব ট্রেডার্স নামীয় হিসাবে ট্রান্সফার করে এবং পরবর্তীতে সাকিব ট্রেডার্স এর চেকের মাধ্যমে উক্ত টাকা উত্তোলন করেন। এরপর গত ২৩ ফ্রেবুয়ারী বিভিন্ন ব্যাংক হিসাবে ১৬টি আরটিজিএস আর মাধ্যমে মোট ৬৫ লক্ষ ৬৭হাজার ৪শ’১০ টাকা আত্মসাত করে। তার প্রেক্ষিতে ব্যাংক কতৃপক্ষ ফরিদগঞ্জ থানায় একটি জিডি করেন। তারই ধারাবাহিকতায় দুদকের চাঁদপুর জেলা কার্যালয় জিডির তদন্ত করেন। তদন্ত শেষে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।

 

শেয়ার করুন: