হাসান মাহমুদ ॥
হাজীগঞ্জে আজাদ সরকার হত্যা মামলার অন্যতম আসামি, নিবন্ধন স্থগিত সংগঠন পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারক কাজীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই মামলার ৬ নম্বর নামীয় আসামি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পৌরসভাধীন টোরাগড় এলাকায় নিজ বাড়ির সামনে হত্যার শিকার হন আজাদ সরকার।
শনিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। গ্রেফতারকৃত মোবারক কাজী পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় এলাকার কাজী বাড়ির মৃত লাল মিয়া কাজীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর বাবুরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
৫ আগস্ট সরকার পতনের পর থেকে মোবারক কাজী পলাতক ছিলেন। গতবছরের ৪ আগস্ট বিকালে পৌরসভাধীন টোরাগড় এলাকায় সরকার বাড়ির সামনে আজাদ সরকারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
এই ঘটনায় গত ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, খুনের শিকার আজাদ সরকারের ছেলে পৌরসভাধীন ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আহমেদ কবির হিমেল সরকার।
এ মামলায় মোবারক কাজীসহ ১৫ জনের নাম উল্লেখ ও ২০/২৫জনকে অজ্ঞাত আসামি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহযোগিতায় মোবারক কাজীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আজাদ সরকার হত্যা মামলার আসামি। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।
![]()