হাসান মাহমুদ ॥
হাজীগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন, উদ্বোধন, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে মতবিনিময় করেছেন, জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। সোমবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি হাজীগঞ্জ সদর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন করেন।
এছাড়াও দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা পরিষদে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায়-দুস্থ, শারিরিক প্রতিবন্ধীদের মাঝে ঢেউটিন, চেক ও হুইল চেয়ার বিতরণ এবং হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন জেলাপ্রশাসক।
এর মধ্যে উপজেলা পরিষদ মিলনাতয়নে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার আপনাদের আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা দিয়েছে। অথচ অনেকেই আপনারা এর যথাযথ মূল্যায়ন করছেন না। আপনারা গ্রাম আদালত পরিচালনা না করে সালিশি বৈঠক করেন। কিন্তু সালিশি বৈঠক ও গ্রাম আদালতের মর্যাদা ও সম্মান এক নয়।
হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়কালে জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, হাজীগঞ্জের দুঃখ হচ্ছে হাজীগঞ্জ বাজারের যানজট’। এই যানজট নিরসনে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা বার বার সড়ক ও ফুটপাত দখলকারীদের অনুরোধ করেছি। বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালত ও অভিযান পরিচালনা করেছি। তাতে কোন লাভ হয়নি।
তিনি বলেন, আপনারা (সড়ক ও ফুটপাত দখলকারী) আমাদের মূল্যায়ন করেন নি। সুতরাং এবার আমরা কঠোর হবো। যারা সড়ক ও ফুটপাত দখল করে আছেন, তাদের তালিকা করা হয়েছে। সবাইকে ঢেকে এনে নির্দিষ্ট সময় বেঁধে দিবো। এই সময়ের মধ্যে সড়ক ও ফুটপাত থেকে সরে যেতে হবে। যারা সরবেন না, তাদের মালামাল, ভ্যান গাড়িসহ যা পাওয়া যাবে সবকিছু সিস (জব্দ) করা হবে। কোন কিছুই ফেরৎ দেওয়া হবে না।
হাজীগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ কার্যালয়, কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শনকালে তিনি বলেন, আমরা সবাই জনসেবার লক্ষ্যে কাজ করে থাকি। খেয়াল রাখতে হবে, জনগণ হয়রানির শিকার হয়, কোন অবস্থাতেই এমন কাজ করা যাবে না। সহজীকরণের মাধ্যমে আগত বা সেবাগ্রহিতাদের যত দ্রুত সম্ভব প্রদান করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে দিনব্যাপী উল্লেখিত এসব কার্যক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, জেলাপ্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাজমুল হুদা বিজয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. আশিকুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার, সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরীসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
![]()